পোর্টফোলিও বৈচিত্র্যকরণের নীতি বা ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন (Principles of Diversity)
ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির মূল কথা হলো কোনো একটি বিশেষ প্রকল্পে অত্যধিক অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা। কারণ ঝুঁকি ও অনিশ্চয়তা হ্রাসকরণ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে অপরিহার্য। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ের পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে। ফলে ব্যবসায়কে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়।
এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। যেমন: অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি। এসব পরিবর্তনগুলোকে নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকদের পক্ষে সাধারণত সম্ভব নয়। তবে ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব। একজন ব্যবসায়ী যদি শুধু একধরনের পণ্যের ব্যবসা করে, তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে ব্যবসায়ের পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয়, তাহলে ঝুঁকি বণ্টিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে ব্যবসায়টির হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেয়া সম্ভব হয়, ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন