মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের সমালোচনা (Criticism of Profit Maximization)
মুনাফা সর্বাধিকরণ হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার ফল। কিন্তু আংশিক প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা সর্বাধিকরণকে কোম্পানির মূল লক্ষ্য বলা যায় না। উল্লিখিত সময়ে ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা ছিল একান্ত ব্যক্তিগত। মালিক তাঁর নিজের অর্থনৈতিক কল্যাণেই সীমাবদ্ধ থাকতেন, যা মুনাফা সর্বাধিকরণের মাধ্যমে অর্জন করতে পারতেন। কিন্তু আধুনিক ব্যবসায় মালিক ও ব্যবস্থাপনার মধ্যে বেশ দূরত্বের সৃষ্টি হয়েছে। ব্যবস্থাপনা মালিকদের প্রতিনিধি হয়ে তাঁদের পক্ষে কার্য পরিচালনা করে থাকেন।
এই পরিবর্তিত পরিবেশে মালিক ব্যবস্থাপকের দায়িত্ব পড়েছে পেশাদার ব্যবস্থাপকদের উপর যাঁরা ব্যবসায়ের সম্পৃক্ত পক্ষের স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করার কাজ করে থাকে। অর্থাৎ, বর্তমান উন্নত ও আধুনিক ব্যবসায়িক পরিবেশে মালিক, ভোক্তা, পাওনাদার, সরকার, কর্মকর্তা, কর্মচারী ও উপরের স্তরের ব্যবস্থাপনার সকলের স্বার্থ রক্ষা করে মালিকের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কাজ। তাই মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যকে একটি ফার্মের মূল, বাস্তব, যথোপযুক্ত ও মানবিক দিক থেকে সঠিক লক্ষ্য বলা যায় না। নিচে আরো কয়েকটি যুক্তি দেওয়া হল:
(ক) মুনাফা ধারণার অস্পষ্টতা : মুনাফা শব্দটির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা অত্যন্ত অস্পষ্ট। মুনাফা বলতে কি স্বল্পমেয়াদি না দীর্ঘমেয়াদি মুনাফা, করপূর্ব মুনাফা না কর প্রদান করার পরবর্তী মুনাফা, নিট মুনাফা না মোট মুনাফা, মোট মুনাফা না শেয়ার প্রতি মুনাফা বুঝানো হয়েছে তা স্পষ্ট নয়। মুনাফার এরূপ বিভিন্ন ধারণাকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। কেউ আবার মূলধনের উপর মুনাফার হার, কেউ আবার শুধু স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের উপর মুনাফার হার হিসাব করতে পারেন।
(খ) মুনাফা অর্জনের সময় ও অর্থের সময়মূল্য বিবেচিত হয় না : মুনাফা সর্বাধিকরণকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য হিসাবে গণ্য করার অন্য একটি ত্রুটি বা বাধা হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ বা হারে মুনাফা।
(গ) ঝুঁকি বিবেচনা করা হয় না : মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের আরেকটি অসুবিধা বা ত্রুটি হচ্ছে যে, এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিনিয়োগের ও মুনাফা অর্জনের ঝুঁকি বিবেচনা করা হয় না। অন্যভাবে বলা যায় যে, বিনিয়োগ থেকে ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা অর্জনে যে ঝুঁকি আছে তা বিবেচনা করা হয় না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন